
ভোলা প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ভোলাসহ দক্ষিণাঞ্চলের ছয়টি জেলার ১৮টি উপজেলার ও উপকূলীয় এলাকায় ৩৭১টি পূজামণ্ডপের নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড। ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় ভোলা সদর উপজেলার ওয়েস্টার্ন পাড়ার মিহির লাল সাহার মাঠ সর্বজনীন পূজামণ্ডপে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের আয়োজনে অনুষ্ঠিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশনস) লেফটেন্যান্ট কমান্ডার জামিলুর রহমান (এন), বিএন, জানান, দুর্গাপূজা চলাকালে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় কোস্ট গার্ড সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এ লক্ষ্যে দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।
তিনি আরও জানান, প্রতিমা বিসর্জনের সময় সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় কোস্ট গার্ডের বিশেষ ডুবুরি দল প্রস্তুত থাকবে। হিন্দু ধর্মাবলম্বীরা যেন শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে জরুরি সহায়তার জন্য কোস্ট গার্ডের হটলাইন ১৬১১১ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়।
Reporter Name 









