চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: বিভিন্ন স্কুল-কলেজে ঘুরে ঘুরে শিক্ষার্থীদের শোনাতেন মাদকের ভয়াবহতার কথা, আয়োজন করতেন মাদকবিরোধী নানা সামাজিক ক্যাম্পেইনের। তবে এই ভালোমানুষির আড়ালেই লুকিয়ে ছিল তার ভয়ংকর রূপ। তিনি কেবল চিহ্নিত মাদকসেবী ও ব্যবসায়ীই নন, একটি ভয়ংকর কিশোর গ্যাংয়ের প্রধান। অবশেষে ভোলা জেলার শশীভূষণ থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ গ্রেফতার হয়েছেন রাকিবুল ইসলাম সামি (রাকিব) নামের সেই যুবক। এ ঘটনায় শশীভূষণ থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং ১৩, তারিখ ৮/৯/২০২৬)। গ্রেফতারকৃত রাকিবুল ইসলাম সামি ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নাগরের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার শশীভূষণ থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ রাকিবকে গ্রেফতার করে। পরদিন মঙ্গলবার সকালে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডোপ টেস্ট করানো হলে তার রিপোর্টে মাদকের উপস্থিতি (পজিটিভ) নিশ্চিত হওয়া যায়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে উক্ত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে ভোলা জেলহাজতে পাঠানো হয়। স্থানীয়রা জানান, রাকিবের নেতৃত্বে থাকা ১২ সদস্যের এই কিশোর গ্যাংটি দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে। কৌশল হিসেবে তারা বিভিন্ন স্কুল-কলেজে গিয়ে এবং ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় সাজানো মাদকবিরোধী প্রচারণা চালাত। সাধারণ মানুষের কাছে নিজেদের ভালো হিসেবে জাহির করতে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক পোস্ট ও ভিডিও কনটেন্ট ছড়িয়ে দিত। কিন্তু এই অনলাইন ও অফলাইন প্রচারণার আড়ালেই চলত তাদের আসল ফাঁদ—ক্যাম্পেইনের সুযোগে শিক্ষার্থীদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে তরুণদের হাতে মাদক তুলে দেওয়া ও মাদক সিন্ডিকেট পরিচালনা করা। শশীভূষণ বাজারের দক্ষিণ মাথায় আস্তানা গেড়ে এরা এলাকার সাধারণ মানুষের ওপর হামলা, ব্যবসা প্রতিষ্ঠানে ঝটিকা আক্রমণ ও জোরপূর্বক চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে। অভিযোগ উঠেছে, এই গ্যাংটি ছাত্রদলের নাম ব্যবহার করে নানা অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক জ্যেষ্ঠ বিএনপি নেতা জানান, দলটির পরিচয় ঢাল হিসেবে ব্যবহার করলেও নেপথ্যে রয়েছে স্থানীয় কিছু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তাদের দলেরই কিছু ক্ষমতার দাপট দেখানো স্থানীয় জনপ্রতিনিধি সরাসরি শেল্টার দিয়ে এই অপরাধী গ্যাংটিকে লালন-পালন করছেন বলে তিনি নিশ্চিত করেন। বর্তমানে শশীভূষণ বাজারের দক্ষিণ মাথায় এই গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপতৎপরতা চরম পর্যায়ে পৌঁছানোয় চরম আতঙ্ক ও থমথমে অবস্থা বিরাজ করছে। তটস্থ দিন কাটাচ্ছেন স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা। গ্যাংয়ের মূল হোতা রাকিব গ্রেফতার হওয়ায় এলাকায় কিছুটা স্বস্তি ফিরলেও আতঙ্ক পুরো কাটেনি। সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর প্রচারণার ফাঁদ ভেঙে শশীভূষণ বাজারের দক্ষিণ মাথার আস্তানা সম্পূর্ণ উচ্ছেদ করা এবং পুরো এলাকাকে গ্যাংমুক্ত রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এই ১২ সদস্যের বাহিনীর বাকি সক্রিয় সদস্যদের অবিলম্বে গ্রেফতারের জোরালো দাবি ও আকুল আবেদন জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।